নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে মো. ফারুক হোসেন নামে এক যুবককে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার ১০ দিন পর গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোমবার নিহতের মরদেহ নিয়ে এশিয়ান হাইওয়ে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন এবং স্থানীয় বাসিন্দারা।
সোমবার সকালে উপজেলার কাঁচপুরের ললাটি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নিহতের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশের আশ্বাসে স্বজনরা মরদেহ নিয়ে ফিরে যান এবং দাফন সম্পন্ন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় আমিনুল ভেন্ডার, তার ভাগনে অমিত হাসানসহ কয়েকজন ফারুক হোসেনকে বাড়ি থেকে ডেকে ললাটি এলাকার জনতা বাজারে নিয়ে যান।
সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে ফারুককে আটকে রাখা হয়। একপর্যায়ে জনসমক্ষে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে সংজ্ঞা হারান।
পরে তাকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার রাতে তার মৃত্যু হয়।
ফারুকের মৃত্যুর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। রোববার রাতে মরদেহ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
পরদিন সোমবার সকালে ললাটি এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে মরদেহ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন পরিবারের সদস্য এবং এলাকাবাসী। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের মা ওয়েদা বেগম, ভাই সুলতান মিয়া, মেয়ে সিনহা আক্তার ও ভাবি শাহানাজ বেগমসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, চুরির অপবাদ দিয়ে অমিত হাসান ও তার মামা আমিনুল ভেন্ডার শত শত মানুষের সামনে ফারুককে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারা এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সোনারগাঁ থানার মহম্মদ আব্দুল বারিক জানান, মারধরের ঘটনায় এর আগে নিহতের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
তিনি আরও জানান, ফারুকের মৃত্যুর পর হামলার ঘটনায় দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়। পরে পরিবারের লোকজন আশ্বাস পেয়ে মরদেহ নিয়ে ফিরে যান এবং দাফন সম্পন্ন করেন।
চুরির অভিযোগকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে ফারুক হোসেনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে মামলার দুই আসামি গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অন্যদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |