নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কনসার্ট না করার দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দিয়ে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করে, ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের জন্য পরিচিত। তাই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণসহ যেকোনো সাংস্কৃতিক আয়োজনের ক্ষেত্রে শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় মূল্যবোধ বিবেচনায় নেওয়া প্রয়োজন।
কওমি ছাত্র ঐক্য পরিষদের দাবি, আগামী ১৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, অতীতে জেলার বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফলে নতুন করে এমন আয়োজন নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সংগঠনটির সদস্য ফুজায়েল আহমেদ খান বলেন, সাম্প্রতিক একটি কনসার্টকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হওয়ার ঘটনার পর অল্প সময়ের ব্যবধানে আবারও কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন।
তিনি আরও দাবি করেন, কয়েক বছর আগে নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধ হওয়ার পেছনেও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয় ছিল।
তবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে এখনো জানে না। কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ওবায়দুল হক জানান, আয়োজকরা কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যক্ষ বলেন, অনুষ্ঠানটি কেবল কনসার্ট নয়; নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ—এ তিনটি কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ সদস্যসহ প্রায় ৩০ জন মাদ্রাসা শিক্ষার্থী আহত হওয়ার কথা জানা যায়।
এ ছাড়া গত ৩০ মে কওমি শিক্ষার্থীদের বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: যুগান্তর
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |