| বঙ্গাব্দ

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরেও কাজ করতে হবে কর্মকর্তাদের: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 15-10-2026 ইং
  • 659027 বার পঠিত
পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরেও কাজ করতে হবে কর্মকর্তাদের: প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক সভায় কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬

দেশের পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক এক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি বা গুরুত্বপূর্ণ মাতৃগাছ চিহ্নিত করে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যা, রোপণ করা চারার বেঁচে থাকার বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ এবং পার্বত্য চট্টগ্রামে বনায়ন বাড়ানোর উপায় নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার সুযোগ বাড়াতে হবে। এ জন্য ছাদবাগান, স্কুলবাগান এবং বিভিন্ন ভবনে বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর জন্যও পৃথক পরিকল্পনা গ্রহণের কথা বলেন।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় অবস্থানে থাকছে, যা দেশের জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতির পরিবর্তনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের মানুষের কল্যাণে আরও কিছু করার সক্ষমতা সবার রয়েছে। শুধু অফিসের নির্ধারিত সময় পর্যন্ত কাজ করেই দায়িত্ব শেষ না করে পরিবেশ রক্ষায় বাড়তি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পরিবেশের অবনতি হলে এর নেতিবাচক প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়বে। তাই দেশের জন্য কাজ করার যে সুযোগ দায়িত্বশীল ব্যক্তিরা পেয়েছেন, তা কাজে লাগানো প্রয়োজন।

সভায় ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের মানুষ এর সুফল পাবে।

এ ছাড়া অন্য মন্ত্রণালয়গুলো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ লাগালে সেই ঘাটতি পূরণে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। রোপণ করা গাছের পরিচর্যা ও নিয়মিত তদারকি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency