নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও শিশুতোষ চলচ্চিত্র নির্মাতা ফজলুল হকের মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর। প্রতিবছরের মতো এবারও তার স্মরণে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করতে যাচ্ছে ফজলুল হক স্মৃতি কমিটি।
এ বছর চলচ্চিত্র সাংবাদিকতায় মাহমুদা চৌধুরী এবং চলচ্চিত্র পরিচালনায় মেজবাউর রহমান সুমন এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। রোববার চ্যানেল আই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হবে।
মাহমুদা চৌধুরী ১৯৭৮ সালে ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকায় কাজের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে অধুনালুপ্ত ‘বিচিত্রা’য় প্রায় দেড় দশক কাজ করেন। এরপর যোগ দেন দৈনিক ‘দিনকাল’-এ।
সাংবাদিকতার পাশাপাশি চলচ্চিত্রবিষয়ক দুটি বইও লিখেছেন তিনি। এর মধ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত গবেষণাগ্রন্থ ‘জহির রায়হানের চলচ্চিত্র: সমাজ ভাবনা’ এবং ‘নারী: অর্ধেক পৃথিবী’ উল্লেখযোগ্য।
টেলিভিশনের ফিকশন ও বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া মেজবাউর রহমান সুমন চলচ্চিত্র নির্মাণেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাওয়া’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দেশের বাইরেও প্রশংসা পায়।
চলতি বছরে মুক্তি পেয়েছে তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’। সিনেমাটি দর্শকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি মুক্তির আগে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগেও অংশ নেয়।
বর্তমানে ‘রইদ’ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে সফর করছেন মেজবাউর রহমান সুমন। এরই মধ্যে বাংলাদেশ অস্কার কমিটি জানিয়েছে, আসন্ন ৯৯তম অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’।
উল্লেখ্য, ফজলুল হকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ২০০৪ সাল থেকে প্রতিবছর দুজনকে ফজলুল হক স্মৃতি পুরস্কার দিয়ে আসছে ফজলুল হক স্মৃতি কমিটি। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এ পুরস্কারের প্রবর্তন করেন।
সূত্র: চ্যানেল আই
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |