শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ: মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান
ঢাকা: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, "শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ" এই তিনটি লক্ষ্য অর্জনে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "এই লক্ষ্য অর্জন করতে হলে আন্তরিক সামাজিক দায়বদ্ধতা এবং প্রকৃত সামাজিক ব্যবসা মডেলের চর্চা প্রয়োজন।"
শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানে হোটেল বেঙ্গল ব্লুবেরি-তে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫-এ ‘মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই মন্তব্য করেন রিজওয়ানা হাসান। তিনি আরও বলেন, "আমরা মূল্যবোধের কথা বলি, কিন্তু সেটা কাজে লাগাই না- এটাই আজকের মূল সমস্যা।"
রিজওয়ানা হাসান আরও বলেন, "পরিবর্তনের জন্য নৈতিক আদর্শকে শুধু মুখে নয়, কাজে প্রয়োগ করতে হবে।" তিনি বলেন, আধুনিক পুঁজিবাদ সমাজ এবং প্রকৃতির ওপর যে বিরূপ প্রভাব ফেলেছে, তা এখনই মোকাবিলা না করলে, "এই শতকের শেষে অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং সভ্যতা বিলুপ্ত হবে।"
উপদেষ্টা বলেন, "আমাদের প্রয়োজন ও অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে হবে। ভোগ নয়, সংযমই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে চিরতরের জন্য।"
রিজওয়ানা হাসান ইসলামী মূল্যবোধ প্রসঙ্গে বলেন, "ইসলাম শুধু উপদেশ দেয় না, এটি কার্যকর পদক্ষেপের কথা বলে। ইসলাম বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে সহনশীলতার শিক্ষা দেয়।"
তিনি আফসোস করে বলেন, "মানবিক সংকটে মুসলিম বিশ্ব একক কণ্ঠে কথা বলে না। ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যা করা হলে কেন মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে? নৈতিক সাহস ছাড়া ভ্রাতৃত্ববোধের কোনো মূল্য নেই।"
রিজওয়ানা হাসান ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম উপাদান যাকাতকে একটি কার্যকর ও পরীক্ষিত মডেল হিসেবে উল্লেখ করে বলেন, "আধুনিক করব্যবস্থায় আমরা কর দেই, কিন্তু সেই অর্থ প্রকৃতপক্ষে দরিদ্রদের উপকারে আসে না। যাকাত একটি প্রত্যক্ষ ও মানবিক অর্থনৈতিক কাঠামো।"
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |